শুক্রবার ২৯৪ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল

রাজেন রায়, কলকাতা, ৩ মার্চ: দফাওয়াড়ি নয়, এবার সরাসরি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল।
নির্বাচন কমিশন একুশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিজেপি একবারে পুরো প্রার্থী তালিকা ঘোষণা না করে দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানাগেছে। তারাও শুক্রবার প্রথম দুই দফার তালিকা প্রকাশ করবে বলে জানাগেছে। কিন্তু নিজেদের মধ্যে দৃঢ়তা দেখাতে এবার একেবারে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল। তার জন্য ফের তারা সময় নিল দুই দিন।

এবারে বাংলা নির্বাচন হবে ৮ দফায়। শাসকদল একসঙ্গে শুক্রবার বিধানসভা নির্বাচনে মোট ২৯৪ আসনের প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে। নির্বাচন কমিশন যেদিন থেকে বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে, সেদিন থেকেই বঙ্গবাসী রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে সেই দিকে চেয়ে বসে আছে। আসলে এবারের নির্বাচন অন্যবারের মতো সাধারণ নয়। একদিকে যেমন ঘাসফুল শিবির তাদের সর্বশক্তি দিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছে ঠিক তেমন বিরোধী পক্ষ গেরুয়া শিবির তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় নিয়ে এসে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। আজই বিজেপির রাজ্যের নেতার এই ব্যাপারে দিল্লি গেছেন। তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা বিজেপিতে গিয়ে তাদের শক্তি বৃদ্ধি করেছে। কিন্তু একইভাবে টলিউড তারকারা তৃণমূল ও বিজেপি উভয়পক্ষের শক্তি বৃদ্ধি করেছে। এই পরিস্থিতিতে এবারের নির্বাচনে যে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এখনও পর্যন্ত খবর, নন্দীগ্রামের আসনে প্রার্থী হয়ে দাঁড়াবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে থাকতে পারে তৃণমূল দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া হাওড়া ডোমজুড় থেকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন তৃণমূল ছেড়ে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করতে গিয়ে কাকে কোথায় দাঁড় করায় তার দিকে চেয়ে আছে গোটা বঙ্গ রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *