অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বিজেপি, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান যেমন হচ্ছে জঙ্গলমহলে একটার পর একটা গ্রাম পঞ্চায়েত হাতছাড়াও হচ্ছে বিজেপির। এবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের প্রধান গঠন করল।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে রগড়া অঞ্চলের ৫ টি পঞ্চায়েত তৃণমূলের দখলে আর ৫ টি বিজেপির দখলে যায়। রগড়া গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১০টি। নির্বাচনের পর বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু কোনও উন্নয়ন মূলক কাজকর্ম না হওয়ায় বিজেপির পাঁচ জন পঞ্চায়েত সদস্য দল ছেড়ে দেন। গত ২৮ নভেম্বর বিজেপির ৫ পঞ্চায়েত সদস্যই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে রগড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন সংখ্যা শূন্য হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস রগড়ায় পঞ্চায়েত প্রধান গঠন করে। রগড়া অঞ্চলের প্রধান হন পঞ্চানন দাস। উপ প্রধান হন সাবিত্রী সিং। নিবার্চিত প্রধান গঠনের পর পঞ্চায়েত সদস্যদের মিষ্টিমুখ ও সংবর্ধনা জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত, ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ, জেলা সাধারণ সম্পাদক কালিপদ সুর, তৃণমূল নেতা অনুপ মাহাত সহ আরও অনেকে।

