সাঁকরাইল ব্লকের বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ জুন: সাঁকরাইলের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই গ্রাম পঞ্চায়েতে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করেছিল বিজেপি। সেই বোর্ডে ভাঙন ধরতেই বিজেপি পরিচালিত পঞ্চায়েত হাতছাড়া হল।

গত পঞ্চায়েত নির্বাচনে আট আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে জয়লাভ করে বিজেপি। আর বাকি ২টি আসন পায় তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ বোর্ড গঠন করে বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের পরেই দলের মধ্যে ভাঙন ধরতে শুরু করে। দুর্নীতি সহ নানান অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই গ্রাম পঞ্চায়েতের ৬ জন বিজেপি সদস্যের মধ্যে উপপ্রধান রাসমণি সরেন সহ ৪ জন তৃণমূলে যোগদান করলে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন প্রশাসনিক আধিকারিকের কাছে।অনাস্থার পক্ষে ভোট দেন ৬ জন সদস্য। প্রধান ও অপর এক সদস্য ভোট দানে বিরত ছিলেন। এরপরে ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবে জয়ী হয়ে যায় তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিজেপির উপপ্রধান রাসমণি সরেন সহ চারজন সদস্য ও তাঁদের কয়েকশো কর্মী, সমর্থক তৃণমূলে যোগ দেন। সাঁকরাইলের চুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক ডা: খগেন্দ্র নাথ মাহাত ও সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমল কান্ত রাউৎ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

উপপ্রধান রাসমণি সরেন বলেন, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না তাই আজ তৃণমূলের যোগদান করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *