আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৯ অক্টোবর:
শনিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তৃণমূলের একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকাত মোল্লা সহ জেলার একাধিক তৃণমূল বিধায়ক। গোসাবা শিশু উদ্যানে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার পর এদিন বিকেলে ভোটের প্রচারও সারেন তৃণমূল নেতৃত্ব। প্রার্থী সুব্রত মণ্ডলকে সাথে নিয়ে এদিন গোসাবা বাজার এলাকায় পায়ে হেঁটেই শুরু হয়ে যায় ভোটের প্রচার। এদিনের কর্মীসভার মঞ্চ থেকেই প্রায় শ’তিনেক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূল নেতৃত্ব এই বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
গোসাবা উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী লক্ষাধিক ভোটে জয়লাভ করবে বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকাত মোল্লা বলেন, “আগামী পনেরো দিনে এই বিধানসভায় আরও কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। এই বিধানসভায় ভোট করানোর লোক পাবে না বিজেপি। ওঁদের প্রার্থীর জামানা জব্দ হবে।”

এদিন প্রথমে তৃণমূল নেতৃত্ব গোসাবা ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক করেন। সেখানে মহিলা কর্মীদের আরও সংগঠিত করে ভোটের লড়াইয়ে ঝাঁপানোর নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। এরপর শনিবার দুপুর ২টা নাগাদ গোসাবা শিশু উদ্যানে ব্লকের কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। সেখান থেকে ব্লকের সমস্ত কর্মীদের এখন থেকেই ভোটের কাজে নেমে পড়তে বার্তা দেন নেতৃত্বরা। দলীয় প্রার্থীকে অন্তত এক লক্ষ ভোটে জেতাতে হবে বলে নির্দেশ দেন দলীয় নেতৃত্ব। এদিনের বৈঠক শেষে দলীয় প্রার্থী সুব্রত মন্ডলকে সাথে নিয়ে গোসাবা বাজার এলাকায় পায়ে হেঁটে প্রচার সারেন শওকাত মোল্লা।

