মা সারদার পর এবার রানি রাসমণির সাথে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তুমুল সমালোচনার মুখে বাগদার তৃণমূল বিধায়ক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৪ জুলাই: কদিন আগেই মা সারদার পুর্নজন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে, এই দাবি করেছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তার এই দাবি ঘিরে তুমুল সমালোচনা হয়। এমনকি রামকৃষ্ণ মিশনের তরফেও এর তীব্র বিরোধিতা করা হয়। এরপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সাথে তুলনা করে বসেছেন তৃণমূলের আর এক বিধায়ক।

উত্তর ২৪ পরগনার বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করলেন। রবিবার বনগাঁর বিএস ক্লাবের মাঠে তৃণমূলের কর্মী সম্মেলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক সেখানে গিয়েছিলেন। উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহ-সভাপতি তরুণ ঘোষ, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বালা, একাধিক প্রাক্তন কাউন্সিলর-সহ আরও অনেকে৷ সেখানেই বিশ্বজিৎবাবু মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছে। তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, “বিজেপি ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন বিশ্বজিৎ দাস৷ লাস্ট বেঞ্চিতে রয়েছেন। জিতে যাওয়ার জন্যেই এসব কথা বলছে। ১০০ টার মধ্যে যে ৯৯ টাই মিথ্যা কথা বলে। কার সঙ্গে রানি রাসমণি মায়ের তুলনা করছেন দেখে মানুষ হাসছে। ওনার পড়াশোনা করা উচিত।”

অন্যদিকে সিপিএম নেতা পীযুষকান্তি সাহা বলেন, “উনি কোন দলের বিধায়ক এখনও সেটার ঠিক নেই। এসব কথাবার্তা বলে আখের গোছানোর চেষ্টা করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *