আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ মার্চ: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা প্রকাশ্য কর্মিসভায় ছাপ্পা ভোট করানোর হুমকি দিলেন। এই বক্তব্যকে ঘিরে তোলপাড় ময়নার রাজনীতি। এই বক্তব্যর বিরুদ্ধে নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। ময়নার শ্রীকণ্ঠ্যা গ্রামে কর্মিসভা থেকে প্রকাশ্যে ছাপ্পা মারার হুমকি দিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহাজাহান আলী।

ময়নার বিধানসভার তৃণমূল প্রার্থী ডাক্তার সংগ্রাম দোলইয়ের সমর্থনে এক কর্মিসভা ছিল। ময়নায় এই কর্মিসভায় বক্তব্য রাখার সময় স্থানীয় তৃণমূল নেতা বলেন, যে ময়নার বাকচা অঞ্চলে ওরা যদি ছাপ্পা মারে আমরা পুরো অঞ্চলের ২৬৬টা বুথে আমরা ছাপ্পা মারবো। এই বক্তব্যর পরেই ময়নার রাজনীতিতে তোলপাড় হয়েছে। এই বক্তব্যের কথা জানতে পারার পর বিজেপির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বক্তা শেখ শাহজাহান আলীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই বক্তব্য নিয়ে বিজেপি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে বলে জানিয়েছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল।

