তৃণমূলই এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছে: আব্বাস সিদ্দিকী

আমাদের ভারত, নন্দীগ্রাম, ২৬ মার্চ: নিজে নন্দীগ্রামে না ভোটে দাঁড়ালেও আজ সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে সভা করলেন আব্বাস সিদ্দিকী। সঙ্গে ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। মুসলিম সম্প্রদায়কে তৃণমূল সরকার ঠকিয়েছে এই ভাষাতেই বক্তব্য রাখতে গিয়ে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুললেন আব্বাস সিদ্দিকী। মঞ্চ থেকে জোরালো ভাষায় ভাতা নয় কর্মসংস্থানের দাবি তোলেন তিনি। এই রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের জন্য তিনি তৃণমূলকেই দায়ী করেছেন সরাসরি।

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের লুটপাট আর জাতপাতের সরকারের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার জনহিতকর বিকল্প সরকার গড়তে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীদের সমর্থনে নন্দীগ্রামের সীতানন্দ কলেজের ময়দানে অনুষ্ঠিত হল নির্বাচনী সভা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী মীনাক্ষী মুখার্জি ও চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশীষ গুছাইতের সমর্থনে জনসমাবেশে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী, সিপিএম নেতা মহম্মদ সেলিম, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ একাধিক বাম, কংগ্রেস ও আইএসএফ নেতৃত্ব।

এদিনের সভা থেকেই বিজেপি ও তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং আইএসএফ  নেতা আব্বাস সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *