নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে এবার শুভেন্দুর নাম বাতিলের দাবি তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ১৭ মার্চ: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে তার মনোনয়ন বাতিলের দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটার তালিকা থেকে নাম বাতিলের দাবি করল তৃণমূল।নন্দীগ্রামের ভোটার তালিকায় শুভেন্দু অধিকারীর নাম বাতিলের আবেদন জানানো হয়েছে।

হলফনামায় নিজেকে নন্দীগ্রামের ভোটার বলে উল্লেখ করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। কিন্তু, সরকারি নথি অনুসারে শুভেন্দু হলদিয়ার ভোটার। ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১এর ১৭ ধারা অনুযায়ী, দেশের কোনও ব্যক্তি একাধিক স্থান থেকে নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারেন না।

গত ১২ মার্চ হলদিয়ার এসডিও দফতরে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তারপরই জানা যায় যে, হলদিয়ার বদলে নন্দীগ্রামের ভোটার হয়েছেন তিনি। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে তাঁর বুথ।

এরপরই কমিশনে নথি তুলে ধরে হলফনামায় দেওয়া শুভেন্দুর তথ্য ‘মিথ্যা’ বলে দাবি করেছে তৃণমূল। দিন কয়েক আগেই মনোনয়নের সময় হলফনামায় সম্পূর্ণ নথি না দেওয়ায় জন্য নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ বাতিলের দাবি তোলেন শুভেন্দু। মমতা তাঁর বিরুদ্ধে চলা ৬টি ফৌজদারী মামলায় উল্লেখ করেরনি বলে কমিশনে অভিযোগ করে গেরুয়া বাহিনী। তারই পাল্টা এবার শুভেন্দুর বিরুদ্ধে ‘মিথ্যাচারে’র অভিযোগ তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *