এবারের পৌরসভা নির্বাচনে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস, তাহেরপুরে বললেন বিমান বসু

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ মার্চ: “জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে এবারের পৌরসভা নির্বাচনে ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস।” নদিয়ার তাহেরপুর পৌরসভায় ফের জয় লাভ করার পর রবিবার সন্ধ্যায় তাহেরপুর তরুণ সংঘের মাঠে বিজয় সমাবেশে ভাষণ দিতে এসে এই মন্তব্য করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

বিমান বসু বলেন,’ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। সেদিকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনও খেয়াল নেই। কর্মসংস্থান বৃদ্ধি করার দিকে কোনও খেয়াল নেই। সরকারি স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী কম। অথচ পুরসভা নির্বাচনে জনসাধারণের মতামত ব্যক্ত করতে না দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে। এখনো যে পুরসভাগুলিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নেই, সেখানে অন্য দল থেকে কাউন্সিলর ভাঙানোর চেষ্টা করা হচ্ছে। পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলরকে হত্যার ঘটনা তার প্রমাণ। সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, পুলিশের মাধ্যমে বলা হচ্ছে কংগ্রেস করে কোনও লাভ নেই তৃণমূল কংগ্রেসে যোগ দাও। যাতে ওরা বোর্ড গঠন করতে পারে। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকারক। কলকাতা কর্পোরেশনের মহানাগরিক পর্যন্ত যা কথা বলছেন তার উত্তর দিতে আমাদের বিবেকে বাধে।’

এদিন বিভিন্ন ওয়ার্ডে কর্মী-সমর্থকদের প্রবল উৎসাহের সাথে মিছিল করে স্থানীয় তড়িৎ সংঘের মাঠে আসতে দেখা যায়। সিপিআইএম প্রতীক চিহ্ন জয়লাভ করা ৮ টি ওয়ার্ডের কাউন্সিলরদের এবং পরাজিত হলেও বাকি পাঁচটি ওয়ার্ডের পরাজিত বাম প্রার্থীদেরও সম্বর্ধনা দেওয়া হয়।

বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, নদিয়া জেলা সম্পাদক সুমিত দে, তাহেরপুর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রতীপ রায়, প্রাক্তন সাংসদ অলকেশ দাস, সিআইটি ইউ জেলা নেতা এস এম শাদী, প্রাক্তন বিধায়ক রমা বিশ্বাস ,নতুন পৌর বোর্ডের চেয়ারম্যান উত্তম আনন্দ দাস, ভাইস চেয়ারম্যান শোভা শীল, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বঙ্কিম চক্রবর্তী প্রাক্তন চেয়ারম্যান রতন রঞ্জন রায সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *