নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ এপ্রিল: বুথে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যা নিয়ে কমিশনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। নির্দিষ্ট পরিচয় পত্র থাকার পরেও কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেন দেবাশীষ কুমার।
রাসবিহারী বিধানসভার রাজেন্দ্রনাথ বিদ্যাভবনের সামনের বুথে উপস্থিত হন তৃণমূল প্রার্থী। ভোট কেমন চলছে দেখার জন্য বুথের ভিতরে প্রবেশ করতে যান। সেই সময় তাঁকে কেন্দ্রীয় বাহিনী আটকায় বলে অভিযোগ। বুথের বাইরে এসে কমিশনে অভিযোগ জানান দেবাশিষ কুমার। তারপর নির্বাচন কমিশনের মধ্যস্থতায় ১৮২, ১৮৩, ১৮৪, ১৮৫ নম্বর বুথে প্রবেশ করেন তিনি। যা নিয়ে বিরক্তি প্রকাশ করেন দেবাশিস বাবু। তিনি বলেন, অনৈতিকভাবে কেন্দ্রীয় বাহিনী আমাকে আটকেছে। আমি বুথের ভিতরে প্রবেশ করতে গেলে কেন্দ্রীয় বাহিনী আমাকে বলে উপরের অর্ডার রয়েছে, আপনাকে বুথের ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বাহিনীর এই কথা সোজা আমি কমিশনে জানাই। তারপর কমিশনের মধ্যস্থতায় আমি প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে রাজেন্দ্রনাথ বিদ্যাভবনের বুথগুলিতে প্রবেশ করেছি।

