ঝাড়গ্রামে শুরু হলো দ্যা ট্রাইবাল কানেকশন প্রদর্শনী ও মেলা, চলবে দুদিন ধরে

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ মে: সাঁওতালি সমাজের মানুষের হাতের সৃষ্টি এবং প্রতিভাকে তুলে ধরতে ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হল ট্রাইবাল ট্যালেন্ট স্টুডিও-র (Tribal talent studio) উদ্যোগে দ্যা ট্রাইবাল কানেকশন (The tribal connection) প্রদর্শনী ও মেলা। ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে অনুষ্ঠিত হয়েছে এই প্রদর্শনী ও মেলা। দুই দিন ঘরে চলবে এই মেলা।

শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন সাঁওতালি সমাজের বিশিষ্ট শিল্পপতি দয়ানিধি মারাণ্ডি, সাঁওতালি সিনেমার প্রোডিউসার পিংকি মারাণ্ডি, অভিনেত্রী তথা গায়িকা ডাগর টুডু- সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ।

ঝাড়গ্রামের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার ছেলে সুরজিৎ হাঁসদার ব্যবস্থাপনায় এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূলত সাঁওতালি সমাজের মানুষদের স্বনির্ভর হওয়ায় জন্য অনুপ্রেরণা দেওয়া হয় এই অনুষ্ঠানে। শিল্প, বাণিজ্য ক্ষেত্রে এগিয়ে আসার পাশাপাশি অভিনয় জগতেও নিজেদের পারদর্শী করে তোলার বার্তা দাওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।

এই প্রদর্শনী মেলায় স্টল দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাঁওতালি সমাজের হস্তশিল্পী এবং ব্যবসায়ীরা এসেছেন। বসেছে বিভিন্ন সাঁওতালি সমাজের খাবারের স্টল। বাঁকুড়া জেলার ঝিলিমিলি থেকে পাটের তৈরি হস্তশিল্প নিয়ে হাজির হয়েছে অনামিকা মুর্মু। অনামিকা পাটের ফ্রুট ব্যাগ, ওয়াল হেঙ্গিং, গয়না, ঘর সাজানোর সামগ্রী তৈরি করেন। তিনি বলেন, “কলকাতায় ট্রেনিং নিয়েছিলাম, বাড়িতে বসে পাটের বিভিন্ন সামগ্রী তৈরি করছিলাম। প্রথম আমার হাতের তৈরী জিনিস মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেলাম। খুব ভাল লাগছে।

সাঁওতালি সমাজের মানুষ এই মেলার মধ্য দিয়ে তাদের সৃষ্টিকে তুলে ধরতে পারবে। হাওড়া জেলার আন্দুল থেকে শিখা সরেন নামে এক চিত্রশিল্পী তার চিত্রকলা প্রদর্শন এবং বিক্রির জন্য যোগ দিয়েছেন এই প্রদর্শনী ও মেলায়। তিনি বলেন, “আমাদের হাতের সৃষ্টিকে এই মেলার মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। খুবই ভালো লাগছে এবং এতে আমরা অনুপ্রাণিত হচ্ছি ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারব।”

এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুরজিৎ হাঁসদা বলেন, “আমাদের সমাজের মানুষের প্রতিভা এবং তাদের হাতের তৈরি সৃষ্টিকে মানুষের কাছে তুলে ধরার জন্যই এই প্রদর্শনী এবং মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে আমাদের সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে ভবিষ্যতের উদ্যোগীদের অনুপ্রেরণা দিচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা এসেছেন তাদের প্রতিভা তুলে ধরার জন্য”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *