আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ জুন: বয়স্ক নাগরিকদের সিটের দখল নিয়ে হাতাহাতি বয়স্ক ও মহিলাদের মধ্যে। অন্যান্য যাত্রীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পাঁশকুড়া থেকে দিঘা যাওয়ার লোকাল ট্রেনের মধ্যে বসার সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতি হয় যাত্রীদের মধ্যে। বয়স্ক নাগরিকদের জন্য সংরক্ষিত সিটে বসে পড়ে কয়েকজন যুবক-যুবতী। তাদের সাথে এক প্রবীণ রেল যাত্রীর বসার সিট নিয়ে কথা কাটাকাটি শুরু হলে ওই প্রবীণ রেল যাত্রী পাঁশকুড়ার সিভিক ভলান্টিয়ারকে ডেকে আনেন। সেই মুহূর্তে ওরা সিট ছেড়ে উঠে পড়লে ভিড়ের মধ্যে দাঁড়াতে না পেরে দুই শিশু ওই সিটে বসে পড়ে। সিভিক পুলিশ এসে তাদের বুঝিয়ে সিট থেকে উঠে যাওয়ার কথা বলে চলে যায়। এরপর দিঘা লোকাল ট্রেন পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর মুহূর্তে ওই প্রবীণ রেলযাত্রী তাদের সিট ছেড়ে উঠেতে বলে। আর তা নিয়েই শিশুটির অভিভাবকদের সাথে ওই রেল যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

শিশুগুলি সিট না ছাড়লে ওই প্রবীণ রেলযাত্রী দুই শিশুর হাত ধরে টেনে হিঁচড়ে তুলে দেবার চেষ্টা করে। তখনই শিশুটির অভিভাবকরা ওই ব্যক্তিকে ধরে ধাক্কাধাক্কি শুরু করে। আর তা থেকেই শুরু হয় হাতাহাতি। চলন্ত ট্রেনের মধ্যে ব্যাপক মারামারি। এমনকি মহিলারা জুতাপেটা করেন ওই ব্যক্তিকে। চলন্ত ট্রেনের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। প্রবীণ রেলযাত্রী তমলুক বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

