আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর: জলপাইগুড়ি’র টাউন স্টেশনকে ঢেলে সাজানোর জন্য একাধিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। এর জেরে স্টেশন সংলগ্ন বাজারের প্রায় ছয় শতাধিক ব্যবসায়ীকে সরে যাওয়ার নোটিশ জারি করেছে রেল দফতর। ২১ ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে নির্দেশ দেওয়া হয়। তাই নিয়ে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। কোথায় যাবেন? কি করবেন? বুঝে উঠতে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে শনিবার ব্যবসায়ীরা একজোট হয়ে পুনর্বাসনের দাবি তুলে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের বাড়িতে গিয়ে দেখা করলেন। এরপর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা নিয়ে প্রতিনিধিমূলক বৈঠক করলেন সাংসদ।

বৈঠক শেষে সাংসদ বলেন, “রেলের উন্নয়নের কাজে ব্যাঘাত করা যাবে না। তবে ব্যবসায়ীরা যেন বিকল্প জায়গায় ব্যবসা করতে পারেন সেটাও দেখা হচ্ছে। রেল দফতরের আধিকারিকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব।”
স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির তরফে বাদল সরকার বলেন, “সাংসদের সঙ্গে আলোচনা করলাম। আমাদের সমস্যা তুলে ধরলাম। আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করবেন সাংসদ এই আশায় রয়েছি।”

