স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জানুয়ারি: যুবকের তৎপরতায় টোটো চালক ফিরে পেল তার হারিয়ে যাওয়া মোবাইল ও কয়েক হাজার টাকা, এমনই এক ঘটনার সাক্ষী থাকলো নদিয়ার শান্তিপুরের ফুলিয়া।
জানা যায়, শান্তিপুরের বেলেডাঙ্গার বাসিন্দা কচি সেখ পেশায় টোটো চালক। পাশাপাশি মহাজনদের কাপড় পৌঁছে দেওয়া ও কালেকশনের কাজও করেন তিনি। এদিন ফুলিয়ায় বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ৮২১০ টাকা কালেকশন করে বাড়ি ফেরার পথে হঠাৎই তিনি লক্ষ্য করেন যে তার কাছে টাকা ও মোবাইল ফোন নেই। হারিয়ে গিয়েছে রাস্তায়। কোন কিছু বুঝে উঠতে না পেরে হন্যে হয়ে জাতীয় সড়কের বেলেমাট এলাকায় খোঁজ করতে থাকেন, টাকা ও ফোনের। সেই সময় বেলে মাঠের বাসিন্দা অর্ঘ্য মুখার্জি হঠাৎই লক্ষ্য করেন যে এক টোটো চালক কিছু একটা সমস্যায় পড়েছে। এগিয়ে যেতেই টোটো চালক সমস্যার কথা জানান অর্ঘ্যকে। এরপর অর্ঘ্য নিজের ফোন থেকে টোটো চালকের মোবাইলে ফোন করলে রিং হলেও ফোন তোলেন না কেউ। বেশ কয়েকবার চেষ্টা করলে ফোনের সুইচড অফ বলে।
বেশ খানিকটা সময় বাদে অর্ঘ্য তার অন্য মোবাইল ফোন থেকে রিং করে সন্ধান পান। জানতে পারেন, যে ব্যক্তি পেয়েছে তিনি রানাঘাটে চলে গিয়েছেন। প্রথমের দিকে ফেরত দিতে অনিহা থাকলেও পরবর্তীতে অনেক বুঝিয়ে ওই ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল সংগ্রহ করে টোটো চালক কচি শেখের হাতে তুলে দেন হারিয়ে যাওয়া টাকা এবং মোবাইল ফোন। হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা পেয়ে খুশি টোটো চালক কচি সেখ।

