খড়্গপুরে পুরপ্রধানের পদ থেকে প্রদীপ সরকারকে সরে যাওয়ার নির্দেশ দলের শীর্ষ নেতৃত্বের, জানালেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: খড়্গপুরে পুরপ্রধানের পদ থেকে সরে যেতে প্রদীপ সরকারকে নির্দেশ দিল দলের শীর্ষ নেতৃত্ব।
তৃণমূলের ২০ জন কাউন্সিলর লিখিত ভাবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনাস্থা জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি।

উল্লেখ্য, গত বুধবার সন্ধেয় খড়্গপুর টাউন থানায় তৃণমূলের ১৫ জন কাউন্সিলর খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবারই তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বৃহস্পতিবার জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান কাউন্সিলররা। এরপর প্রদীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলা এবং রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন ২০ জন তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে প্রদীপ সরকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে তিনি ইস্তফা দিতে প্রস্তুত।

সোমবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রদীপ সরকারকে দলের বৃহত্তম কাজে ব্যবহার করা হবে। সেই কারণে তাঁকে খড়গপুর পুরপ্রধানের পদ থেকে সরে আসার কথা বলা হয়েছে। সম্ভবত আজ সোমবার কিংবা আগামীকাল মঙ্গলবার প্রদীপ সরকার পদত্যাগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *