সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৬ ফেব্রুয়ারি: ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী তালিকা বাদলের দাবি তুলে কোথাও বিক্ষোভ কোথাও আবার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। তৃণমূল কর্মীদের এই আচরণে বিরোধীরা বার বার আঙুল তুলছে। শুক্রবার ১০৮ টি পৌরসভার প্রার্থী তালিকা বের হয়। তারপরই উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভায় তৃণমূল কর্মীদের একাংশ, প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ দেখায়। অবিলম্বে প্রার্থী তালিকা থেকে কিছু প্রার্থীকে বাতিল করতে হবে বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের।
বনগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, ১৯ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর ওয়ার্ডের পাশাপাশি এদিন ১ নম্বর ওয়ার্ডেও প্রার্থী তালিকা বাতিলের দাবি তুলে বিক্ষোভে সামিল হয় কর্মীরা। তাদের দাবি, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর প্রার্থী দিপালী বিশ্বাস পার্টি অফিসে কর্মীদের সাথে কথা বলেনি এবং এত বছর ধরে যারা এই দলটি করছে তাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করা হয়নি। অবিলম্বে এই প্রার্থী তালিকা প্রত্যাহার করতে হবে এবং কর্মীদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ দেখান তারা।

অন্যদিকে, রবিবার সকালে ঢাক-ঢোল পিটিয়ে কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে তৃণমূল প্রার্থী গোপাল শেঠ তথা বনগাঁ পুরসভার পুর প্রশাসক তাঁর শতাধিক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে পুর নিবার্চনের প্রচারে পা রাখলেন ৩ নং ওয়ার্ড এলাকায়৷ গোপালবাবুর মিছিল গোটা ওয়ার্ড পরিক্রমা করেন। অন্যদিকে, ১০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় ও ১২ ওয়ার্ডের টুম্পা রায় দলীও কর্মীদের নিয়ে শুরু করে দেয় প্রচার। যদিও কৃষ্ণা রায় বলেন, সারা বছর মানুষের কাজ নিয়ে ব্যস্ত থাকি। ১০ নম্বর ওয়ার্ডের মানুষ আমার পরিবার। তাই জেতার ব্যাপারে তারাই বলবে।
১২ নম্বর ওয়ার্ডের টুম্পা রায় বলেন, ইতিমধ্যে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে প্রচার শুরু করেছি। এই ওয়ার্ডে আমি নতুন নই। প্রতিটি মানুষের ঘরে ঘরে আমার যাওয়া। আর সারা বছর এই ওয়ার্ডের উন্নয়নের জন্য কি করছি সেটা এলাকার মানুষ বলবে। জেতার ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।

