দুয়ারে ডাক্তার! বসিরহাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচারে গিয়েও রোগী দেখছেন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৪ মার্চ:
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক সপ্তর্ষি ব্যানার্জিকে এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে। ইতিমধ্যে নিজের কেন্দ্রে প্রচার শুরু করেছেন চিকিৎসক তৃণমূল প্রার্থী। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জীকে দেখা গেল ভোট প্রচারে বেরিয়ে রোগী দেখছেন, দুয়ারে সরকারের পর এ যেন দুয়ারে ডাক্তার।

বসিরহাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শারিফুল মন্ডল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহানুর মন্ডল, তৃণমূল নেতা সাহারব মন্ডলদের সঙ্গে নিয়ে বসিরহাট ইটিন্ডা বাজার এলাকায় সাতটি গ্রাম পঞ্চায়েতে হেঁটে প্রচার করেন সপ্তর্ষিবাবু। বসিরহাটের নিমদাঁড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া কোদালিয়য়া গ্রামে গিয়েও প্রচার করলেন সপ্তর্ষি ব্যানার্জি। ডাক্তারবাবুকে গ্রামে ভোট চাইতে আসতে দেখে গ্রামবাসীরা এগিয়ে যান ডাক্তারবাবুর কাছে। সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের শারীরিক সমস্যার কথা বলতে শুরু করেন ডাক্তারবাবুর কাছে। পাশাপাশি ছোট শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধাকে খালি হাতেই দেখে তাদের শারীরিক অবস্থার খুঁটি নাটি বলে দেন সকলকে। সকলেই খুশি সপ্তর্ষি ব্যানার্জীর মত ডাক্তারবাবুকে পাশে পেয়ে।

ডাক্তারবাবুও বললেন, “এই সব গ্রামের মানুষরাই আমার কাছে শারীরিক সমস্যা নিয়ে ১০ কিমি দূরে দেখাতে যেতেন। আমি আজ ওদের দুয়ারে এসেছি। আমি একজন চিকিৎসক, সেবা দেওয়া প্রথম কাজ। ওদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার নিয়ে যাচ্ছেন, আমি দিদির আশীর্বাদধন্য প্রার্থী। এলাকার নাগরিকদের কাছে এসেছি আশীর্বাদ চাইতে। আমি বরাবরই ভালো ছাত্র, পড়াশোনা করছি, জয় নিশ্চিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *