আরএসপির তিনবারের জয়ী প্রাক্তন কাউন্সিলর দল ছাড়লেন, ভোটের মুখে বালুরঘাটে অস্বস্তিতে বাম শিবির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ মার্চ: নির্বাচনের মুখে
আরএসপি তৃণমূলে ভাঙন বালুরঘাটে। তিনবারের জয়ী প্রাক্তন আরএসপি কাউন্সিলরের দলবদলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বামফ্রন্টের এই মেজো শরিক। একইসাথে ছাত্র ও যুবনেতাদের দল ছাড়ার ঘটনায় কিছুটা শোরগোল পড়েছে শাসক শিবিরেও। যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান আরএসপি ও তৃণমূল কেউই। রবিবার আরএসপি দলের দীর্ঘদিনের কাউন্সিলর পিনাকি বোস ও একসময়ে তৃণমূলের অন্যতম যুব ও ছাত্র নেতা হিসাবে পরিচিত থাকা বাবুন শর্মা ও বাবুসোনা অধিকারী সহ তার দলবলের গেরুয়া শিবিরে যোগদানের ঘটনায় রীতিমতো আলোড়ন পড়েছে বালুরঘাটে। যদিও বিজেপির দাবি, এদিন আরএসপি ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মী মিলিয়ে প্রায় ৫০ জন বিজেপির পতাকা তুলে নিয়েছে। বালুরঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন ও জেলার প্রাক্তন সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্যরা।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছিল গোটা বাংলাজুড়েই। রাজ্য রাজনীতির বহু হেভিওয়েট নেতা ও তাদের অবস্থান বদলেছেন। যে তালিকায় বাদ নেই দক্ষিণ দিনাজপুর জেলাও। জেলার সদর শহর বরাবরই বামেদের শক্তঘাটি হিসাবে পরিচিত। আর সেখানেই নির্বাচনের আগে দলের পুরনো নেতাদের এমন দল ছাড়ার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে
আরএসপি। বালুরঘাট পুরসভার একটানা তিন বারের কাউন্সিলর পিনাকী বোসও ওই দলের শ্রমিক সংগঠনের নেতা জ্যোতি বিকাশ সহ তৃণমূল ছাত্র পরিষদের ও যুব তৃণমূলের বেশকিছু নেতা কর্মী এদিন বিজেপির পতাকা তুলে নিয়েছেন। যাকে ঘিরে নির্বাচনের আগে যথেষ্টই চর্চা শুরু হয়েছে শহরজুড়ে।

বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, এতে দলের প্রচুর শক্তি বৃদ্ধি হবে। নবাগতদের নিজ নিজ এলাকায় কাজে লাগানো হবে।

আরএসপির প্রাক্তন কাউন্সিলর পিনাকি বোস জানিয়েছেন, নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজকর্মের প্রতি আকৃষ্ট হয়েই জনগণের জন্য কাজ করতে বিজেপি দলে যোগ দিয়েছেন।

যদিও এই যোগদানের বিষয়ে আরএসপি নেত্রী তথা বালুরঘাটে বাম জোটের প্রার্থী সুচেতা বিশ্বাস জানিয়েছেন, অনেকদিন আগে থেকেই দলের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন ওইসব নেতারা। যাদের যাওয়াতে কোনও ক্ষতিই হবে না দলের।

তৃণমূলের কো অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, দল বিরোধী কাজের জন্য ওইসব নেতাদের অনেকদিন আগেই সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *