আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: পারিপার্শ্বিক ঘটনাবলীর ওপর তিনদফা প্রস্তাব নিল শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ।
সংগঠনের পঞ্চদশ বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে সোমবার মহাবোধি সোসাইটি হলের সভায় প্রস্তাব তিনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিষয়গুলো ছিল (১) আনিস খানের হত্যা ও এ সম্পর্কিত তদন্তে চূড়ান্ত গাফিলতি, (২) ইউক্রেনের উপর আধিপত্যবাদী রাশিয়ার একতরফা বিধ্বংসী আক্রমণ ও (৩) ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শাসকদলের দ্বারা দুষ্কৃতিদের জড়ো করে নির্বিচারে হামলা, বুথ দখল, ব্যাপক বোমাবাজি ও সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের উপর আক্রমণ করে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার বিরুদ্ধে।
মূল অনুষ্ঠানের আলোচ্য বিষয়, “বর্তমান সময় ও বুদ্ধিজীবীদের দায়” সম্পর্কে আলোচনা করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন এডভোকেট জেনারেল বিমল চ্যাটার্জি, প্রখ্যাত মানবাধিকার কর্মী অধ্যাপক সুজাত ভদ্র, প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ মণ্ডল, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক দিলীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রাসঙ্গিক সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখার্জী এবং আবৃত্তি পরিবেশন করেন রূপশ্রী কাহালী। অনুষ্ঠানে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের মাননীয় সভাপতি বিভাস চক্রবর্তী।

