রাজেন রায়, কলকাতা, ২৭ আগস্ট: জনপ্রিয়তার পালটা খুনের আতঙ্ক। ইন্দিরা গান্ধির মত যে কোনওদিন খুন হয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তাঁর পায়ে চোটের পিছনেও খুনের ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ উঠেছিল। এবার সরাসরি তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে দু’জন শিক্ষক অভিযোগ দায়ের করেছেন লালবাজারের সাইবার শাখায়।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার হুমকি দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এক কলেজের জুওলজি বিভাগের অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছেন তাঁরই দু’জন সহ অধ্যাপক তমাল দত্ত ও দেবর্ষি রায়। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ওই অধ্যাপক বিতর্কিত কথাবার্তা বলেন। এতদিন তা হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার কোনও কিছুকেই তোয়াক্কা না করে ফেসবুকে এই বিপজ্জনক মন্তব্যটি করেছেন তিনি।
জানা গিয়েছে, ফেসবুক গ্রুপে রাজ্য সরকারের বিভিন্ন কাজ নিয়ে তর্কবিতর্ক চলাকালীন হঠাৎ ‘মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চাই’ বলে ওঠেন এক অধ্যাপক। তাঁর পর পর মন্তব্য দেখে অনুমান, স্ত্রীর চাকরি না থাকার জন্য তিনি রাজ্য সরকারকে দায়ী করেছেন। অভিযোগকারীদের বক্তব্য, একজন অধ্যাপক যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ভাষায় কথা বলেন তা হলে নিরাপত্তার বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হয়। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে লালবাজারে বিষয়টি জানিয়েছেন।

