সুশান্ত ঘোষ, হাবড়া, ২৭ জুন: সরকারি বিধিনিষেধ না মানলে রাজ্যে হানা দিতে পারে করোনার তৃতীয় ঢেউ এমনই মত বিশেষজ্ঞদের। এনিয়ে তাঁরা একাধিকবার সচেতন হওয়ার কথা বলছেন। সেই আশঙ্কায় উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন এলাকার গৃহশিক্ষক ও পুলিশ।
করোনার তৃতীয় ঢেউ যাতে না আসে তাই আগেভাগেই সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছেন মছলন্দপুর এলাকার পুলিশ প্রশাসন ও গৃহ শিক্ষকরা। এদিন সকাল ৯টা থেকে শহরে বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করেন তাঁরা। তাঁরা প্রায় ৩০০০ মানুষকে মাস্ক পরিয়ে এবং হাতে স্যানিটাইজার দিয়ে সচেতন বার্তা দিলেন। পুলিশ প্রশাসন ও গৃহ-শিক্ষকদের পক্ষ থেকে ট্যাবলো গাড়ি নিয়ে মাইকিং করে সচেন করলেন। জনসাধরনের উদ্দেশ্যে ভিড় এড়িয়ে চলার জন্য বার্তা দিলেন এবং বললেন, খুব দরকার ছাড়া কেউ বাড়ি বাইরে বেরবেন না।

বিশেষজ্ঞদের মত অনুয়ায়ী, শুধু শিশুরাই বেশি মাত্রায় আক্রান্ত হবে তেমন নয়, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে প্রাপ্তবয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও একই রকম বেশি। শুধু তাই নয়, সূত্রের খবর, করোনা বিধি না মানলে ও গণপরিবহণ পুরো মাত্রায় চালু হলে অগস্টের শেষেই বঙ্গে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। গৃহ শিক্ষক রাজিব করণ ও দীপেন্দু কুন্ডু জানান, শুধু এই সচেতনতা নয়, দীর্ঘ লকডাউনে যেসব মানুষ কাজ হারিয়ে অনাহারে দিন কাটাচ্ছে তাঁদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া পড়ুয়াদের বিনা পয়সায় শিক্ষা প্রদান করা আমাদের লক্ষ্য।

