স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ আগস্ট: চুরি করতে এসে বাড়ির এক মহিলার জিভ কেটে দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। আহত ওই মহিলার নাম দেবশ্রী ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকায়। চোরটিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত অবস্থায় দেবশ্রী ভট্টাচার্যকে রায়গঞ্জ গর্ভামেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুদর্শনপুর এলাকার বাসিন্দা বাসন্তী ভট্টাচার্যের ছেলের বৌ দেবশ্রী ভট্টাচার্য চোরটিকে দেখতে পেয়ে চিৎকার করতেই ওই চোরটি ধারালো অস্ত্রের আঘাতে দেবশ্রী দেবীর জিভ কেটে দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তড়িঘড়ি দেবশ্রীদেবীকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি ওই চোরটিকে ধরে ফেলে বেধড়ক মারধর করে আটকে রাখা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। চোরটিকে উদ্ধার করে তাকে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। মারধরের ফলে চোরটি আহত হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

