স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জুলাই: এক অদ্ভুত চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রামের করমচাপুলির ২৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন গতকাল তালা মেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বাড়ি যান। আজ সকালে কেন্দ্র খোলার আগেই এলাকাবাসীরা লক্ষ্য করেন গ্রিলের দরজার তালা ভেঙ্গে লোপাট হয়েছে মুসুরির ডালের বস্তা। রাস্তা দিয়ে ছড়াতে ছড়াতে গেছে ডাল।

এলাকাবাসীরা বলেন, অঙ্গনওয়াড়ি শিক্ষিকা এবং সহযোগী দু’জন স্থানীয় সদস্যকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন কাগজপত্র এলোমেলো থাকলেও খোওয়া যায়নি কিছুই। এমনকি চাল আলু, ডিম কিছুই নেয়নি চোর। শুধুমাত্র ২১ কেজি মুসুরির ডালের একটি বস্তা বাদে। রান্নার ভোজ্য তেল মশলা সবকিছুই রয়েছে ঠিকঠাক শুধু উধাও হয়েছে ডালের বস্তা। এলাকাবাসীরা বলেন, যে পরিমাণ রেশনে চাল দেওয়া চলছে, তাতে বিক্রি করে দাম পাবে না, ডিম নিয়ে যাওয়াও যথেষ্ট ঝুঁকিপূর্ণ, ভোজ্য তেল মশলা এতই সামান্য পরিমাণে আছে যা নিলে পোষাবে না, তাই হয়তো ডালের বস্তার দিকে নজর ছিল চোরেদের।

তবে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে থানায় জানিয়েছেন বলেই আমাদের জানান। এলাকার পঞ্চায়েত সদস্য বলেন এ ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি।

