আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ জুলাই: যানজট রুখতে প্রশাসনের নির্দেশ জলপাইগুড়ি শহরের দিনবাজার সেতুর উপর টোটো দাঁড় করানো যাবে না। এরপরেও শুক্রবার এক টোটো চালক সেতুর উপর দাঁড়িয়ে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেতু সংলগ্ন সংশোধনাগারের সামনে অস্থায়ী টোটো স্ট্যান্ডের আইএনটিটিইউসি অনুমোদিত টোটো সংগঠনের টোটো চালকরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুই পক্ষের বিবাদ ও মারপিটে জখম হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে ঘটনার তদন্তের দাবি তুলে দুই পক্ষই এদিন বিকেলে কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন। অভিযোগ, টোটো সংগঠনের সঙ্গে যুক্ত নয় এরকম এক টোটো চালক, যিনি সেন পাড়ার ভাটা খানার বাসিন্দা পাপাই মল্লিক সেতুর উপরে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। সেই সময় আইএনটিটিইউসি অনুমোদিত টোটো সংগঠনের চালকরা ওই যুবককে সেতু থেকে সরে যেতে বলেন। এরপর শুরু হয় বচসা ও মারপিট। টোটো চালক পাপাইয়ের মাথা ফেটে যায়, অপর পক্ষের কয়েকজন জখম হয়।
এদিকে পাপাই বলেন, “আমি পরিচিত যাত্রীদের টোটোয় তুলছিলাম। সেই সময় আমাকে এসে কয়েকজন মারধর করে। আমার বাড়ির লোকজন এসে প্রতিবাদ করলে আরও মারধর শুরু হয়। থানায় এসেছি।”
এদিকে আইএনটিটিইউসি অনুমোদিত টোটো সংগঠনের সভাপতি পুর্ণব্রত মিত্র বলেন, “দুইজনই শ্রমিক। তবে দিনবাজার সেতুতে দাঁড়ানো যায় না। তারপরেও কেন দাঁড়িয়েছিল ওই চালক? উল্টে সংগঠনের নামে বাজে কথা বলেছিল ওই টোটো চালক এই কারণে থানায় আসা।”

