আমাদের ভারত, ১৮ এপ্রিল:
ঘড়িতে সকাল আটটা বাজলেও জানলার বাইরে তাকালে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে। আর বেলা বাড়লে তো কথাই নেই। লু বইতে শুরু করছে। গরমে নাজেহাল অবস্থা মানুষের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ দেশের ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন।
এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া রয়েছে ওড়িশা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এমনকি সিকিমও। নয়টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশের তাপমাত্রা আরও বাড়তে পরে বলে জানিয়েছে মৌসম ভবন।
গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি বজায় রয়েছে। সোমবার, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক থেকে চার ডিগ্রি বেশি। এছাড়াও রাজ্যের ২০টি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। বেশ কিছু জায়গায় ৪২ ডিগ্রি থেকে ৪৪ ডিগ্রি পর্যন্ত হয়েছে।
২১ এপ্রিল পর্যন্ত রাজ্যে তাপ প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতিবেশী রাজ্য ওড়িশা, বিহারেও পারদ ঊর্ধ্বমুখী। ওড়িশার একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০° পেরিয়ে গেছে। বিহারেও একই পরিস্থিতি। পাঞ্জাব, হরিয়ানাতেও তাব প্রবাহে পরিস্থিতি বজায় রয়েছে।
উল্লেখিত নয় রাজ্যের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০° পার করেছে। গরমে অসুস্থ হয়ে রবিবার মহারাষ্ট্রে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেও তাপমাত্রার পারদ আরও চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

