ছুটি কাটাতে এসে মামাবাড়ির আনন্দ শোকে পরিনত হল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ এপ্রিল: গতকাল মামা বাড়িতে আসার আনন্দ আজ শোকে পরিণত হল। মামাবাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হল ১৭ বছরের যুবক বিনয় রায়ের। ঘটনাটি ঘটেছে বারাসাত ১ নম্বর ব্লকের ছোটজাগুলিয়ার জোড়া শিব মন্দিরের পাশের তেলিয়া পুকুরে।

মাধ্যমিকের ছুটি কাটাতে মামা বাড়িতে এসে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে উঠছে এলাকার বাসিন্দাদের মুখের ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের গাফিলতির কথা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে কোনও রকম চিকিৎসা না করে ওই তরুণকে মৃত বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরিবারের লোকেদের দাবি, বাড়িতে আনার পরও বেঁচে ছিল ওই যুবক। এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে চিকিৎসকরা ওই যুবককে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো উঠে আসছে ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের গাফিলতির কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *