আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘কপালে গুলি’ মন্তব্যের সমালোচনা করলেন প্রাক্তন রাজ্যপাল তথা রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথাগত রায়।
বৃহস্পতিবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “কপালের মাঝখানে গুলি মারার যে এঁচোড়ে-পাকা নিদান আমরা শুনলাম, তাই তো করেছিল জ্যোতি বোসের পুলিশ! ২১শে জুলাই ১৯৯৩ তারিখে, যখন মমতা-কংগ্রেস রাইটার্স অভিযান করতে যাচ্ছিল! তাহলে প্রতি বছর ২১শে জুলাই ধর্মতলায় এই ডিমভাত উৎসব আর জ্বালাময়ী ভাষণ দিয়ে কেন লোক হাসানো? পরে বেলা দুটো নাগাদ এই বার্তা ফেসবুকে দেন তথাগতবাবু। এক ঘন্টা বাদে এতে লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ৪০৯, ১৫ ও ১৯।
অপর টুইটারে তথাগতবাবু লিখেছেন, “উনিশশো-পঞ্চাশের দশকে বামপন্থীরা যে রাজনৈতিক আঙ্গিক চালু করেছিল তা ছিল, যারা সাধারণ মানুষের জীবনযাত্রায় যত বেশি অসুবিধা সৃষ্টি করতে পারবে, ট্রামবাস পোড়াতে পারবে সেই দল তত সফল।”
আরও একটি টুইটারে তথাগতবাবু এদিন লিখেছেন, “পশ্চিমবঙ্গের সমূহ সর্বনাশ যদি কাম্য না হয় তাহলে এই আঙ্গিক থেকে বেরোনো প্রয়োজন। কপালের মাঝখানে গুলি মারার যে অঙ্গভঙ্গি যুবরাজ করেছেন তা সমর্থনযোগ্য। পুলিশের গাড়িতে আগুন দেওয়া গুরুতর অপরাধ। আজকের ডিজিটাল যুগে কোনো ছবি হারায় না। পিসিমা যখন গদিচ্যুত হবেন (কখনো না কখনো তো হবেনই) তখন সামনে আসবে এই ছবি। এখন যেমন কুনালের ছবি আসছে!”
প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানে আহত পুলিশ আধিকারিক দেবজিৎ চক্রবর্তীকে দেখতে গিয়ে বুধবার এসএসকেএম হাসপাতালের ভিতরে লাউড স্পিকার বাজিয়ে ভাষণ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি বললেন, দেবজিৎবাবুর জায়গায় আমি থাকলে মাথার মাঝখানে গুলি করতাম।

