সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুলাই: জঙ্গল কেটে উন্নয়ন নয়। এই স্লোগান তুলে অযোধ্যা পাহাড়ে ঠুরগা বিদ্যুৎ প্রকল্পের জরিপের কাজ বন্ধ করলেন আদিবাসীরা। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা বুরুতে পিপিএসপি’র অন্তর্গত এই বিদ্যুৎ প্রকল্পের কাজ করতে না দিয়ে ফের আন্দোলন করল পাহাড়ের নয়টি গ্রামের গ্রাম সভা কমিটি। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পের আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সার্ভে করতে গিয়েছিলেন অযোধ্যা পাহাড়ের বাড়েলহর গ্রাম সংলগ্ন জঙ্গলে।

অযোধ্যা পাহাড়ের গ্রামবাসীদের একাংশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে ‘প্রকৃতি বাঁচাও’ ও ‘আদিবাসী বাঁচাও’ মঞ্চের পক্ষ থেকে অযোধ্যা পাহাড়ের নয়টি গ্রামের গ্রাম সভার কমিটির সদস্যরা সেখানে পৌঁছান। তাঁরা আধিকারিক ও পুলিশ প্রশাসনকে জানান, অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট করতে দেবেন না। কারণ পাহাড় তাদের প্রাণ কেন্দ্র। বাধা পেয়ে সেখান থেকে পুলিশ ও পিপিএসপি’র আধিকারিকরা জরিপের কাজ না করে ফিরে যান।

গ্রাম সভা কমিটি সদস্যদের একাংশ জানান, আপার ড্যাম ও লোয়ার ড্যামের কাজ হওয়ার সময় একাধিক প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের বোকা বানিয়েছে। তাই, আদিবাসীদের পক্ষ থেকে ঠুরগা প্রজেক্ট করতে দেব না বলে হুঁশিয়ারি দেন। এই বিষয়ে দুই পক্ষকে নিয়ে বৈঠকে আলোচনা করে সমাধান করা হবে বলে জানান স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো।

