রাজীব গান্ধীর ৬ হত্যাকারীকে মুক্তির নির্দেশ দেশের শীর্ষ আদালতের

আমাদের ভারত, ১১ নভেম্বর: রাজীব গান্ধী হত্যা মামলার ৬ হত্যাকারীকে মুক্তি দিল সুপ্রিমকোর্ট। শুক্রবার রাজীব গান্ধী হত্যা সংক্রান্ত এক মামলার শুনানিতে নলিনী শ্রীহরণ সহ ছয় জনকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

তামিলনাড়ু সরকারের আবেদনে সাড়া দিয়ে ছয় হত্যাকারীকে মুক্তি দিয়েছে আদালত। এর আগে চলতি বছরের মে মাসে আরো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারি ভালানকে মুক্তি দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ৩১ বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছেন রবীচন্দ্রন, নলিন শ্রীহরণ, শান্থান, মুরুগান, রবার্ট পায়াস, অজয় কুমার। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর এক জনসভায় আত্মঘাতী হামলায় খুন হন রাজীব গান্ধী। সেই ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত।

তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা জানিয়েছিল সাজা প্রাপ্তরা। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

এরপর তামিলনাড়ু সরকার আবেদন জানায় হত্যাকারীরা ৩০ বছরের উপর সাজা পেয়েছে। এবার তাদের মুক্তি দেওয়া হোক। সেই আবেদনের ভিত্তিতে দফায় দফায় সাত খুনিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে তামিলনাড়ুর তৎকালীন সরকার দোষীদের মুক্তির সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত তৎকালীন রাজ্যপালের কাছে যায়। রাজ্যপাল সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে পাঠান। যদিও রাষ্ট্রপতি সেই সিদ্ধান্ত মেনে নেননি।

ফলে মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় অপরাধীরা। আদালতের নির্দেশে গত মে মাসে মুক্তি পায় পেরারিভালন। তারপরেই মাদ্রাজ হাইকোর্ট এই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বলে। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশই মুক্তি পেলেন অপরাধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *