রাজেন রায়, কলকাতা, ১৮ মে: ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত ঘটনাগুলির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন নিয়ে যে দাবি করা হয়েছিল, নিহতদের পরিবারের তরফে, তা নিয়ে রাজ্যের কী ভাবনা? তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। এ নিয়ে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের মতামত জানাতে হবে সুপ্রিম কোর্টে। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত।
কেউ ক্ষতিগ্রস্থ হয়ে থাকলে পুর্নবাসন রাজ্যকেই দিতে হবে। রাজ্যের দায়িত্ব এটা। নির্বাচন পরবর্তী হিংসা মামলায় মন্তব্য প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের। এদিন মামলাকারী প্রিয়াঙ্কা তিবরেওয়াল অভিযোগ করেন, শুধু এন্টালি এলাকায় ১২৫ জন ঘর ছাড়া। লকডাউনে তারা বাড়ি ফিরতে পারছেন না। প্রগতি ময়দান থানায় গতকাল বোমা মারার অভিযোগ ওঠে। রাজ্যজুড়ে প্রচুর মানুষ ঘরছাড়া। যারা আক্রান্ত তাদের পুনর্বাসন রাজ্যের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তবে ঘর ছাড়াদের পুলিশ কিভাবে বাড়ি পোঁছে দেবে প্রশ্ন তোলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তাঁর প্রশ্ন, কি প্রমাণ আছে যে এরা নির্যাতিত? পুলিশের সাহায্য নিয়ে লকডাউনে ঘরে ফেরার সুযোগ খুঁজছেন? প্রধান বিচারপতি এদিন এজিকে প্রশ্ন করেন মানবাধিকার কমিশন সহ একাধিক কমিশন বহু অভিযোগ জানিয়েছিল ডিজির কাছে। তার সংখ্যা কত? কোনও ইমেল কি রাজ্য করেছে যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে? এর সদুত্তর দিতে পারেননি এজি। আগামী মঙ্গলবার মামলার শুনানি থাকবে। সেই দিন এই সংক্রান্ত জবাব দেবে রাজ্য।

