মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ! রাজ্যের অনুমোদনেই অক্সিজেন সরবরাহ, জানিয়ে দিল সেইল

জয় লাহা, দুর্গাপুর, ২৪ এপ্রিল: ‘দেশের স্বার্থে কোভিড মোকাবিলায় প্রস্তুত। করোনা আবহে গত বছরও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। রাজ্যের অনুমোদনেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।’ অক্সিজেন জোগান নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ কার্যত নসাৎ করল রাষ্ট্রায়ত্ত সেইলের দুর্গাপুর ইস্পাত। আবার মুখ্যমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছেন বলে পাল্টা তোপ দাগলেন দুর্গাপুর পুর্বের বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী। 

  উল্লেখ্য, শুক্রবার দুর্গাপুরে একটি হেটেলে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি কেন্দ্র, নির্বাচন কমিশন ও বিজেপিকে এক কাঠগড়ায় রেখে অভিযোগ তোলেন। তিনি বিজেপিকে আক্রমন করে বলেন, “বাংলা দখল করতে গিয়ে কেভিড সঙ্কটে ফেলছে বিজেপি। বাংলায় অক্সিজেন জোগান দিত সেইল। বাংলায় যাতে অক্সিজেনের অভাব হয়, তাই সেখান থেকে কাটছাঁট করে উত্তরপ্রদেশকে অক্সিজেন দিচ্ছে। কেন্দ্র সরকার বাংলাকে ভাতে মারতে চায়। পাতে মারতে চায়। বাংলায় অক্সিজেনের অভাব করতে বাংলা থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছে। এটা চলবে না। আমি ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।”

মুখ্যমন্ত্রীর ওই অভিযোগের পর সেইলের দুর্গাপুর ইস্পাতের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা গেছে, দুর্গাপুর ইস্পাতে সেইলের ক্যাপটিভ অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। মূলত কারখানার জন্য অক্সিজেন উৎপাদন করা হয়। শিল্প ও স্বাস্থ্য দুটোর ক্ষেত্রে কিছুটা ফারাক আছে। বহু পুরোনো হলেও উৎপাদনে ঘাটতি মোকাবিলায় তৎপর। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক আশরাফুল হোসেন মজুমদার একান্ত সাক্ষাৎকারে জানান, “দেশের স্বার্থে কোভিড মোকাবিলায় প্রস্তুত। করোনা আবহে গত বছরও অক্সিজেন সরবরাহ করা হয়েছে। গত বছর ১২৩৫ টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এবছর গত ২০ এপ্রিল থেকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রথম দিন ৩৪ টন সরবরাহ করা হয়েছে। ওইদিন থেকে শনিবার সকাল ৬ টা পর্যম্ত ১৩৪ টন অক্সিজেন সরবরাহ করা হয়েছে। একটি বেসরকারী ঠিকা সংস্থা আমাদের কাছ থেকে নেয়। তারপর ওই সংস্থা কোথায় জোগান দেয়, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়।” তিনি আরও বলেন,” রাজ্য সরকার কিম্বা কেন্দ্র সরকারের অনুমোদন ছাড়া অক্সিজেন সরবরাহ করতে পারি না। রাজ্য সরকারের অনুমোদনেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দুর্গাপুর পুর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। কেন্দ্র ভালো কাজ করলে, সেটা উনি মিথ্যা বলে বিভ্রান্তি ছড়িয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন।”

তিনি আরও বলেন,”পশ্চিমবাঙ্গে ডিএসপি কারখানা আছে বলেই শুধু বাংলায় অক্সিজেন দিতে হবে, অন্য রাজ্যে দেবে না, এরকম কোনও নিয়ম নেই। এটা মুখ্যমন্ত্রীর সঙ্কীর্ণ মানসিকতার পরিচয়। তবে বেশীরভাগটাই বাংলায় থাকছে। পিএমও গোটা বিষয়টি মনিটারিং করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *