আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৩ জুন: পাশের দাবিতে রাস্তা অবরোধ করে জলপাইগুড়িতে আন্দোলনে সামিল হল উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণ ছাত্রীরা। সোমবার শহরের কদমতলা বালিকা বিদ্যালয়ের সামনে উত্তীর্ণ হয়নি এরকম প্রায় পঞ্চাশজন পড়ুয়া আন্দোলনে সামিল হয়। রাস্তা অবরোধের জেরে বিপাকে পড়েন পথ চলতি মানুষ। ছাত্রীদের সঙ্গে অভিভাবকরাও আন্দোলনে সামিল হয়েছিলেন।

আন্দোলনকারী ছাত্রীদের দাবি, তাদের পাশ করাতে হবে। এ দিন কদমতলা বালিকা বিদ্যালয়ের পাশাপাশি অন্য বিদ্যালয়ের পড়ুয়ারাও জমায়েত হয়। এরপর সকল পড়ুয়া রাস্তা আটকে তাদের পাশ করানোর দাবিতে আন্দোলন শুরু করে।
এক ছাত্রী নূরসোনা খাতুন জানায়, যারা ভাল পরীক্ষা দেয়নি তারা পাশ করেছে। যারা পরীক্ষা ভাল দিয়েছে তারাই ফেল করেছে। আমরা পরীক্ষা ভাল দিয়েছি, আমাদের খাতা ভুল দেখা হয়েছে। আমরা চাই আমাদের পাশ করানো হোক।”

এদিকে এক অভিভাবক জানায়, বাংলা ইংরেজি নিয়ে সারা বছর পড়াশোনা করল আর সেই বিষয়ে ফেল কিভাবে করে আমার মেয়ে। কোনোখানে ভুল হয়েছে এই কারণে এমনটা হয়েছে। ছাত্রীদের বিষয়টি দেখতে হবে এই কারণে আন্দোলন।

