তালা ভেঙ্গে সল্টলেকে প্রেসিডেন্সির আবাসের দখল নিল ছাত্রীরা

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২১ মার্চ: সোমবার দুপুরের পর দল বেঁধে এসে সল্টলেকের প্রেসিডেন্সির ছাত্রাবাসের দখল নিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। হোস্টেল সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতার কড়া প্রতিবাদ করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের শাখা সম্পাদক অদ্রিজা কারক এই প্রতিবেদককে জানান, “দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের দুটো আবাস নিয়ে আন্দোলন চলছে। কর্তৃপক্ষের থেকে কোনও সদুত্তর না পেয়ে ক’দিন আগে হিন্দু হস্টেলের বোর্ডাররা হস্টেলের দখল নিয়েছে। সোমবার সল্টলেকের গার্লস হস্টেলেও একইভাবে দখল নেওয়া হয়েছে। আজ থেকেই সেখানে থাকতে শুরু করেছে বোর্ডাররা।”

প্রতিষ্ঠানের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী পশ্চিম মেদিনীপুরের সৃজনী খান এই প্রতিবেদককে জানান, “আমিও আবাসিকদের অন্যতম। এই আবাসে প্রায় ২৫০ জনের থাকার কথা। আমরা আজ ক্যাম্পাস থেকে দল বেঁধে ম্যাটাডোর করে আবাসনে আসি। প্রথমে আমাদের বাধা দেওয়া হয়। তারপর হোস্টেলের গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকি। ১২-১৪ জন আজ থেকেই থাকছি।”

অদ্রিজা জানান, “২৮ বছর আগে সল্টলেকে, এক নম্বর সেক্টরে ৫ তলা এই হস্টেল হয়। এখন কর্তৃপক্ষ আবাসিকদের কোনও রকম কোনও দায়িত্ব নেননি। তাই আবাসিকরা নিজেরাই আবাসনের হস্টেলের দখল নিল। মিছিল করে নয়, কলেজ থেকে সবাই মিলে এসে ঢোকা হয়েছে ছাত্রী-আবাসে। মূল ফটকে তালা একটাই ছিল। সেটা ভাঙ্গা হয়েছে। আজ থেকে ১০-১২ জন থাকছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *