ছাত্রীকে একাধিকবার শারিরীক হেনস্তা, গ্রেফতার বাগদার গৃহশিক্ষক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ নভেম্বর: পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার সিন্দ্রানী এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম শান্তনু হালদার। বাগদার সিন্দ্রানী এলাকায় বাসিন্দা। শনিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পরিবারের অভিযোগ, শান্তনু গৃহশিক্ষকতা করেন। প্রতিবেশী বারো বছরের এক নাবালিকাকে বাড়িতে গিয়ে পড়াতেন তিনি। টিউশন পড়ানোর সময় শান্তুনু নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার বিষয়টি দেখে ফেলেন নাবালিকার মা। এরপরেই পালিয়ে যায় শান্তুনু। নাবালিকার কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারেন, টিউশন চলাকালীনই ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

শুক্রবার রাতেই নির্যাতিতার মা বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন অভিযুক্ত গৃহশিক্ষক শান্তনু হালদারকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *