সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ এপ্রিল: “চোর বাঁচানোর লড়াই হচ্ছে বাংলায়, চোর ধরা পড়লে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে,” এইবভাবেই রাজ্যের শাসক দলের দিকে তোপ দেগে ঝালদায় কার্যত পঞ্চায়েত ভোটের দামামা বাজালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ ঝালদায় দলের বিক্ষোভ সমাবেশ থেকে কার্যত পঞ্চায়েত ভোটের জন্য কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন দুঁদে এই রাজনীতিক।
রাজ্য ও কেন্দ্র সরকারের সর্বস্তরের দুর্নীতির প্রতিবাদে, গণতন্ত্র বিরোধী নীতির প্রতিবাদে শনিবার পুরুলিয়ার ঝালদায় পদযাত্রা এবং জনসভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। এতে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ ডাঃ এ চেল্লাকুমার, আইনজীবী কৌস্তব বাগচি, পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো, নিহত তপন কান্দুর পরিবার সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকরা।

মিছিল শেষে ঝালদা শহরের হাটবাগানে শহিদ তপন কান্দু মঞ্চে প্রতিবাদ সভার আয়োজন হয়। এখানেই রাজ্য ও কেন্দ্রের শাসক দলের ব্যাপক সমালোচনা করেন অধীর চৌধুরী। বিজেপি বা তৃণমূল মানুষের পাশে কেউ থাকে না বলে দাবি করেন তিনি। যা উন্নয়ন হয়েছে, মানুষের কল্যাণে প্রকল্প কংগ্রেস করেছে। তিনি বলেন, “ঝালদা থেকে আমরা আলিপুরদুয়ারের দিকে এগিয়ে যাবো। দিদি আর থাকবে না। বাংলায় তৃণমূল আর থাকবে না।” নেপাল মাহাতোকে আরও বড় পদ দেওয়া দরকার এবং এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

