আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জুলাই: দিঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস। আনন্দে মেতেছে পর্যটকরা। দিঘা সহ দক্ষিণবঙ্গে, বঙ্গোপসাগরে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই পর্যটকের ঢল নেমেছে দিঘা সমুদ্র সৈকতে। তার সাথে পর্যটকদের উপরি পাওনা দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাড়োয়াল টুকে জল আসছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল। দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মান্দারমণি তমলুক সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস মতো সকালেই ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ আকাশ মেঘলা ছিল। কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে। আজ শনিবার থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়।

বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ৪০-৫০ কিমি বেগে প্রতি ঘন্টায় বইবে। আজ ২০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধ। সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক পূর্ব মেদিনীপুর থেকে নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়েছে। ছন্দে ফিরতে চলেছে বর্ষা।

