আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জুলাই: অপহরণের গল্প ফেঁদে প্রেমিকের কাছে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তরুণী। কিন্তু কাল হল ওই ছাত্রীর সঙ্গে থাকা মোবাইল ফোনটাই। ওই মোবাইল ফোনের টাওয়ার লোকেশান ট্র্যাক করেই অবশেষে কোচবিহার থেকে সোনামুখীর ওই তরুণীকে উদ্ধার করল সোনামুখী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার জগমোহনপুর গ্রামের বছর কুড়ির এক তরুনীর সঙ্গে মোবাইলে সোস্যাল সাইটে যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কোচবিহারের এক যুবকের। ওই যুবক কাজের সূত্রে গুরগাঁওয়ে থাকে বলে জানা গিয়েছে। এ মাসের ৪ জুলাই অতিরিক্ত মোবাইল ব্যবহার করা নিয়ে তরুণীকে ধমক দেন পরিবারের লোকজন। এরপরই ওই তরুণী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার দিনই তরুণীর বাড়ির মোবাইলে রহস্যজনক এক ভয়েস মেসেজ আসে। সেই মেসেজ দেখে সোনামুখী থানার তদন্তকারীদের সন্দেহ হয় তরুণীকে অপহরণ করা হয়েছে। শুরু হয় পুলিশি তদন্ত। তরুণীর মোবাইল টাওয়ার লোকেশান ট্র্যাক করে সোমবার কোচবিহারে হানা দেয় সোনামুখী থানার পুলিশ। কোচবিহার মফঃস্বল থানার শুটকাবাড়ি এলাকায় তরুণীর প্রেমিকের এক আত্মীয়ের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করে তাকে ফিরিয়ে আনে সোনামুখী থানায়। আজ উদ্ধার হওয়া ওই তরুণীকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পনেরো দিন পর তরুণী উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি তরুণীর পরিবারের লোকজন।

