সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জুলাই: যমুনা নদীর কচুরিপানা থেকে কালী মায়ের প্রকট। খবর চাউর হতেই ভিড় জমিয়েছে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার নারিকেলা গ্রাম এলাকায়।

শনিবার যমুনা নদীতে কচুরিপানা তুলতে গিয়ে একটি কালী মায়ের মূর্তি পান কয়েকজন শ্রমিক। মূর্তিটি এতোটাই ভাড়ি ছিল জল থেকে তুলতে না পেরে, স্বাভাবিক ভাবে তারা মূর্তিটিকে আবার জলে ফেলে দেন। ইতিমধ্যে খবর পেয়ে যান এলাকার বাসিন্দারা। গ্রামেরই কয়েকজন নদীতে নামেন মূর্তি খুঁজতে। এরপর রীতিমত নদী থেকে মূর্তিটি তুলে পুজোয় মাতেন গ্রামবাসীরা। মূর্তি পাওয়ার খবর চাউর হতেই মূর্তি দেখতে ভিড় জমায় আশেপাশের কয়েকটি গ্রামের মহিলারা।

গ্রামবাসীদের দাবি, এই মূর্তিটি পাথরের তৈরি এবং অন্য সমস্ত মূর্তি থেকে এই মূর্তিটি দেখতে কিছুটা অন্যরকম। তাদের বিশ্বাস কিছুদিন ধরে তারা ভাবছেন এলাকার শিব মন্দিরের পাশে কালী মায়ের পুজো করবেন। তারপরেই এই মূর্তির দর্শন। মা চাইছেন এখানে তিনি পূজিত হোন। সেই কারণেই তিনি দর্শন দিয়েছেন গ্রামবাসীদের। গ্রামে একটি মন্দির করে প্রতিবছর মূর্তিটির পুজো করবেন বলেও তারা জানান।

