বাংলার অশান্ত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য, বলল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, ১৩ জুন: নবী বিতর্কের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে রাজ্যের বেশকিছু এলাকা। সেইসব এলাকা শান্ত করতে প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য সরকার। সোমবার একটি মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানায় কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনকে। রাজ্যের কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত। এই বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে হাওড়ার পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে উঠেছিল যে গত কয়েকদিনে জারি করতে হয়েছিল ১৪৪ ধারা। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ নদিয়াতেও।

এই মারাত্মক অশান্তির আবহে পুলিশের পরিবর্তে ঐ সমস্ত এলাকায় সেনা নামানোর আর্জি নিয়ে হাইকোর্টে মামলা হয়। সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমান পরিস্থিতি জানিয়ে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারকে। যদি মনে হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তবে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। একই সঙ্গে আদালত বলেছে, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। অশান্তির আবহ তৈরি হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত এলাকার ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ দিয়েছে আদালত যা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে গত কয়েকদিনের অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।

এদিকে পুলিশ সূত্রে খবর, নবী বিতর্কের জেরে হাওড়া সহ বাংলার বিভিন্ন জায়গায় যে তাণ্ডব চলেছে তাতে মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই সমস্ত ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *