আশিস মণ্ডল, শান্তিনিকেতন, ১৯ ফেব্রুয়ারি: সমাবর্তনে ছাতিমপাতা না পাওয়ায় মুখ ভার বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের। তবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণে কিছুটা দুধের সাধ ঘোলে মেটানোর অবস্থা। অন্যদিকে বিশ্বভারতীর রেক্টর তথা রাজ্যপাল জগদীপ ধনকর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। শুক্রবার ছিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব। প্রথা মেনে এই সমাবর্তন উৎসবে বিশ্বভারতীর স্নাকোত্তর ছাত্রছাত্রীদের পাঁচটি ছাতিমপাতা দেওয়া হয়। সব বছর প্রধানমন্ত্রী আসতে পারেন না। ফলে বিশিষ্ট কেউ সেই সম্মান ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। কিন্তু কোভিড পরিস্থিতিতে এবার ছাতিমপাতা দেওয়া হয়নি। তবে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী আসবেন বলে জানিয়েছেন”। বিশ্বভারতী ছাড়ার আগে রাজ্যপাল বলেন, “২০২১ সালে দেশের ৭৫ বছর পূর্তিতে রাজ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। ১৯৪৭ সালে পশ্চিমবঙ্গের স্থান শীর্ষে ছিল। তাই পরিবর্তন প্রয়োজন”। সেই সঙ্গে রাজ্যপাল পরামর্শ দেন, “সরকারি কর্মীদের কখনই রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়”। হেলিকপ্টারে চাপার আগে রাজ্যপাল চায়ে পে চর্চায় তিনি ফের আসবেন”।
রাজ্যপালের এই মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “রাজ্যপালের এমন মন্তব্য করা উচিত নয়। ভারতবর্ষের আইনে নেই। তবে মোদীর আইনে আছে”।

