আইন-শৃঙ্খলার দায়িত্ব রাজ্যেরও, ৩২৪ ধারা টেনে তৃণমূলকে কড়া চিঠি কমিশনের

রাজেন রায়, কলকাতা, ১১ মার্চ: মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার উল্লেখ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল তৃণমূল। যার প্রেক্ষিতে এদিন কিছুটা কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে কমিশন। জানানো হয়েছে, যে অভিযোগ পশ্চিমবঙ্গের শাসকদলের পক্ষ থেকে তোলা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবিধানের ৩২৪ নম্বর ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে আইন-শৃঙ্খলার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, রাজ্যেরও।

বুধবার নন্দীগ্রামে আঘাত পাওয়ার পর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মমতা। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার কারণে যেহেতু রাজ্যের প্রশাসনিক ক্ষমতা কমিশনের আওতায় রয়েছে, সেই কারণে গোটা ঘটনায় ঘুরিয়ে দায়ী করা হয় কমিশনকেই। নন্দীগ্রামে মমতাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করে তৃণমূল। কমিশন যদিও এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে তৃণমূলের চিঠির ভাষা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। আর তারপরেই এই উত্তর জানানো হয়েছে।

কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, বাস্তবেই মমতার আহত হওয়ার এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমগ্র ঘটনার কঠোর তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে। তবে কমিশনের বক্তব্য, যেভাবে তৃণমূল দাবি করেছে যে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি কমিশন নিজের অধীনে নিয়ে নিয়েছে, সেটাও পুরোপুরি সত্যি নয়। সংবিধানের ৩২৪ ধারার কথা উল্লেখ করে কমিশন জানিয়েছে, নির্বাচন কমিশন কেবলমাত্র নির্বাচন পরিচালনা করে, লোকসভা এবং রাজ্যের ক্ষেত্রে বিধানসভা। রাজ্যের আইন-শৃঙ্খলার পুরো দায়িত্বভার নির্বাচন কমিশন নিয়ে নেয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *