ভোট পরবর্তী হিংসা মামলায় মানবাধিকার কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ২১সেপ্টেম্বর: এবার জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে চ্যালেঞ্জ রাজ্যের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, তার ছত্রে ছত্রে ভুল এবং অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দেখানো হয়েছে। ভোট পরবর্তী হিংসার মামলায় আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে রাজ্য।

জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট তৈরি করেছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, অভিযুক্তদের মাত্র তিন শতাংশকেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। অথচ রাজ্যের দাবি, জাতীয় মানবাধিকার কমিশনের এই রিপোর্ট একেবারেই বিভ্রান্তিকর। ভোট পরবর্তী হিংসার মামলায় এখনও পর্যন্ত ১৪০০-র থেকেও বেশি মামলা রুজু হয়েছে বলে দাবি। এছাড়া আরও বলা হয়েছে, মোট অভিযুক্ত রয়েছে ৮ হাজার ১৫২। এদের মধ্যে গ্রেফতার, আত্মসমর্পণ কিংবা আদালতে জামিন পেয়েছে এমন সংখ্যা ৫ হাজার ১৫৮। পাশাপাশি ২ হাজার ৯৮৩ জনকে নোটিস পাঠিয়েছে রাজ্য। ভোট পরবর্তী হিংসার মামলায় অভিযুক্তদের ৫৮ শতাংশকে গ্রেফতার করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে জমা করা হলফনামায় জানিয়েছে রাজ্য।

এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ রাজ্যের তরফে সেই হলফনামা জমা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য রয়েছে ২৮ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *