রাজেন রায়, কলকাতা, ২১ সেপ্টেম্বর: রাজ্য সরকারের তরফে স্কুলপড়ুয়াদের বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে মাঝেমধ্যেই। কিন্তু সমস্ত স্কুলপড়ুয়াদের আধার না থাকলে অনেকেই এই সুবিধা পেতে পারছেন না। তাই এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ডে নাম নথিভুক্তকরণ শুরু হচ্ছে রাজ্যে। জরুরি ভিত্তিতে আধার নথিভুক্ত করাবেন ডিআই বা স্কুল পরিদর্শকরা। প্রাথমিক পর্যায়ে নবম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ১ অক্টোবর থেকে আধার নিয়ে পাইলট প্রজেক্ট শুরু করছে রাজ্য।
১ অক্টোবর থেকে শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত এই পাইলট প্রজেক্ট চলবে। মূলত এই পাইলট প্রজেক্টের দু’টি উদ্দেশ্য। এক, যাদের আধার কার্ড নেই। সেই সমস্ত স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরি করে দেওয়া। দ্বিতীয়ত, স্কুল শিক্ষার সময় থেকেই প্রত্যেক পড়ুয়ার আধার নম্বর থাকা। কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই অথরিটি আধার কিট দেবে। ডিআই বা স্কুল পর্যবেক্ষকরা আধার নথিভুক্তকরণ কেন্দ্র অর্থাৎ স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের আধার নথিভুক্তিকরণের কাজ করবেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সকলের আধার কার্ডের উপর জোর দিচ্ছে বহুদিন ধরেই। এমনকী যে শিশুর বয়স পাঁচ বছরের কম, তার জন্যও ‘বাল আধার কার্ড’-এর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।ইউআইডিএআই-এর এই আধার কার্ড গোটা দেশে পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা হবে। কেউ যদি ভারতের নাগরিক হয় এবং সে বিদেশে যায় সে ক্ষেত্রে পাসপোর্ট তৈরি কিংবা পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে আধার নম্বর অত্যাবশ্যক।
উচ্চ শিক্ষা, জিইই কিংবা এনইইটি-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আধার কার্ড প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আধার কার্ড চাই। কারণ এইবার আধার করার ওপর জোর দিচ্ছে কেন্দ্র রাজ্য সরকার।

