আমাদের ভারত, কোচবিহার, ২০ আগস্ট: এলাকার উন্নয়নে রাজ্য সরকারের উচিৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে কাজ করা। আজ কোচবিহারে শহিদ সম্মান যাত্রায় অংশগ্রহণ করে বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বারলা। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করতে চাইলেও রাজ্য সরকারের সহযোগিতা না থাকায় অনেক ক্ষেত্রেই তা করতে পারছেন না, তাই রাজ্য সরকারের সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি। আজ কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন শহিদ সম্মান যাত্রা করেন সংখ্যালঘু দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।
তিনি এদিন তুফানগঞ্জ বিধানসভার রসিকবিলে আসেন এবং বিজেপি কর্মীরা তাঁকে সংবর্ধনা দেন। তারপর বোচামারি থেকে বেরিয়ে নয়ারহাট, হরিরহাট, হরিপুরে এসে, রায় সাহেব পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন এর পর সোজা তুফানগঞ্জ ভারতীয় জনতা পার্টি অফিসে এসে তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের, বলরামপুর চৌপতি এলাকার শহিদ, কালাচাঁদ কর্মকারের স্ত্রীকে মন্ত্রী সংবর্ধনা দেন। এরপর তিনি সোজা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরবঙ্গে একটি এইমস তৈরীর প্রস্তাব পাঠানো হয়েছে কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে তা সম্ভব নয়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ গুলিতে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন। তাই উন্নয়নমূলক কাজে রাজ্য সরকার যেন কেন্দ্রীয় সরকারকে সাহায্য করে, দুই সরকার একসঙ্গে যেন কাজ করে তার আবেদন জানান তিনি।

এদিন কোচবিহার বিজেপি দপ্তরে সাংবাদিক সম্মেলনে তার পূর্বের করা মন্তব্য আলাদা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, মানুষের দবির কথা কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তবে এ বিষয়ে নতুন করে তিনি কিছু বলতে চাননি।

