রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প পেল সেরার শিরোপা, প্ল্যাটিনাম পুরস্কার দেবে কেন্দ্র

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: দুয়ারে সরকার প্রকল্পকে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পাবলিক ডিজিটাল
প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে প্লাটিনাম পুরস্কার পেল পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার প্রকল্প। ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের পাঁচটি দফা সম্পন্ন হয়েছে এবং প্রায় ছয় কোটি সাত লক্ষ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

রাজ্যে মোট ৩ লাখ ৬১ হাজার আউটরিচ ক্যাম্প চালানো হয়েছে। আগামী ৭ই জানুয়ারি দিল্লিতে এই পুরস্কার রাজ্যে প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে। দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু এই পুরস্কার প্রদান করবেন বলে জানা গেছে।

রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্প গুলির মধ্যে অন্যতম দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যের সাধারণ মানুষের কাছে যাতে বিভিন্ন সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করতে এই দুয়ারে সরকার প্রকল্প শুরু করা হয়েছিল। পাড়ায় পাড়ায় গিয়ে দুয়ারে সরকারের ক্যাম্প খোলা হয় এবং সেখান থেকে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়। গোটা ব্যবস্থাটাই করা হয় দুয়ারে সরকার পোর্টালের মাধ্যমে।

দুয়ারে সরকারের জন্য রাজ্যের তরফে একটি মোবাইল অ্যাপও চালু করা হয়েছে। এবার ৫ই ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পের শিবির চলার কথা ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গ্রামীন এলাকার মানুষ যাতে এই দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্যস্বাথী,কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্য সাথী, শিক্ষাশ্রী, তপশিলি জাতি আদিবাসী অধিবাসিদের শংসাপত্র জয় জওহার তপশিলি বন্ধু পেনশন প্রকল্প সহ একাধিক মানবিক প্রকল্প ও নানা সরকারি পরিষেবা এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *