ভোট-পরবর্তী হিংসা মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে, জানিয়ে দিল নির্বাচন কমিশন

আমাদের ভারত, ৩ অক্টোবর:
কোভিড বিধি মানতে হবে। তাই বিজয় মিছিল বা বিজয় উৎসব করতে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। একইসঙ্গে কমিশনের তরফে নির্দেশিকা দেওয়া হলো ভোট পরবর্তী হিংসা রুখতে পর্যাপ্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। ভোটের ফল প্রকাশের আগেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল, কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে রাজনৈতিক হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর তারপরই কমিশন এই নির্দেশ দিতেই বিজেপি দাবি করল, যে ভোট পরবর্তী হিংসা যে হয়েছিল তা কমিশনের এই নির্দেশ থেকে স্পষ্ট।

গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। পদ্ম শিবির দাবি করেছিল, তাদের কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। ঘরবাড়ি ভেঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে শাসক দলের কর্মীরা। বহু মানুষ বাড়িছাড়া। বিজেপি নেতারা খুনের অভিযোগও করেছেন। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আদর্শ আচরণবিধি থেকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে। তার জন্য তার সরকারের কোনো দায় নেই।

কিন্তু এই মামলা গড়িয়েছিল হাইকোর্টে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেয় খুন ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম অপরাধের তদন্ত করবে সিট। এবার নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়ে জানালো ভোট-পরবর্তী হিংসার মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। আর তাতেই বিজেপি বক্তব্য কমিশনের নির্দেশে স্পষ্ট হয়ে গেল রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে।

তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, গোটা দেশে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। কিন্তু বিজেপি তো ভবানীপুরের নেই, ফলে হিংসা হবে কিভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *