বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৭০টি মামলা প্রত্যাহারের নির্দেশ দিল রাজ্য সরকার

রাজেন রায়, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পৃথক আন্দোলন গড়ার হুঁশিয়ারি দিলে বিমল গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে বছর চারেক আগে একাধিক মামলা দায়ের করেছিল রাজ্য পুলিশ। কিন্তু বছর তিনেক ফেরার থাকার পর আচমকাই কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিমল গুরুং। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের নীতি অনুযায়ী চলার সম্মতি দেন তিনি। এরপরেই বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দিল রাজ্য সরকার। শনিবার নবান্ন থেকে দার্জিলিং পুলিশের কাছে এই নির্দেশ পৌঁছেছে বলে জানা গিয়েছে। বিমল গুরুংয়ের বিরুদ্ধে ৭০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে।

২০১৭ সালে পাহাড় উত্তপ্ত হয়ে উঠলে বিমল গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে একাধিক মামলা করে রাজ্য পুলিশ। হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, দার্জিলিং পুলিশকে আইনি পদ্ধতি অবলম্বন করে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে বলেছে নবান্ন।

আইনজ্ঞদের মতে, মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন জানাতে হবে সরকারি আইনজীবীকে। কারণ কেন সরকার মামলা প্রত্যাহার করতে চায় তা জানতে চাইবেন বিচারক। সেই যুক্তি গ্রহণযোগ্য হলে তবেই মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করবেন তিনি। তবে গুরুংয়ের বিরুদ্ধে খুন ও রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করছে না সরকার। কারণ ওই মামলা সরকারি আইনজীবী প্রত্যাহার করতে চাইলেও আদালত তা প্রত্যাহার করার অনুমতি নাও দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *