রাজেন রায়, কলকাতা, ১৫ জুন: কো উইন অ্যাপে কোনওভাবে রেজিস্ট্রেশন করতে পারলেও ভ্যাকসিন পেতে সমস্যা হচ্ছে বহু মানুষ জনের। কোন হাসপাতালে কত পরিমাণ ভ্যাকসিন পৌঁছচ্ছে, সেটাও জানতে পারছেন না অনেকে। তাই এবার সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশনের কাজ করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। আনা হল বিশেষ মোবাইল অ্যাপ।
‘সিভিআর’ নামে ওই অ্যাপের সাহায্যে এবার থেকে রাজ্যের যে কোনও নাগরিক ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন। প্রথম কিংবা দ্বিতীয়, যে কোনও ধরনের ডোজ নেওয়ার আগে এই অ্যাপের সাহায্যে নাম নথিভুক্ত করা যাবে৷ টিকা দিয়ে বিভ্রান্তি এবং ঝামেলা এড়াতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে।
সূত্রের খবর, সিভিআর অ্যাপে ঢুকলেই ৮৩৩৫৯৯৯০০০— এই নাম্বার দেখা যাবে। তারপর তাতে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই বিশদ তথ্য গ্রাহকের মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এদিন একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হাতে ১৫ টি অক্সিজেন কনসেনট্রেটরও তুলে দেওয়া হয়।

