উৎপাদক সংস্থার কাছে টিকার বরাতের ১৭০ কোটি টাকা ফেরত চাইল রাজ্য সরকার

রাজেন রায়, কলকাতা, ১৬ জুন: কিছুদিন আগে জাতির উদ্দেশে ভাষণে মোদী ঘোষণা করেন, এবার থেকে দেশে উৎপাদিত মোট ভ্যাকসিনের ৭৫ শতাংশ কিনবে ভারত সরকার। সেই ভ্যাকসিন বিনামূল্যে তুলে দেওয়া হবে রাজ্য সরকারগুলির হাতে। রাজ্য সরকারকে ভ্যাকসিনের জন্য কোনও টাকা খরচ করতে হবে না। এই প্রক্রিয়া আগামী ২১ জুন যোগ দিবস থেকে শুরু হবে। আর এই ঘোষণার পরেই ভ্যাকসিন উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে অগ্রিম টাকা ফেরত চেয়ে সংস্থাগুলিকে চিঠি দিল নবান্ন।

রাজ্যের সকল বাসিন্দাকে দ্রুত টিকা দিতে চেয়ে নিজেদের উদ্যোগে কোভিড ভ্যাকসিন কিনছিল রাজ্য। ৫ কোটি টিকা কিনতে টিকা উৎপাদক সংস্থাগুলিকে অগ্রিম টাকাও দিয়েছিল রাজ্য। রাজ্যগুলিকে নিজেদের উদ্যোগে কোভিড ভ্যাকসিন কেনার অনুমতি দিয়েছিল কেন্দ্রই। শুধু দেশীয় নয়, সরাসরি বিদেশি সংস্থাগুলির কাছ থেকে টিকা কেনার অনুমতিও দেওয়া হয়েছিল।

টিকা পিছু গড়ে দাম পড়ছিল ৫০০ টাকা। সেই টিকা কিনতে উৎপাদক সংস্থাগুলিকে ধাপে ধাপে টাকা মেটাচ্ছিল রাজ্য। শেষ ধাপে প্রায় ১৭০ কোটি টাকা অগ্রিম দেওয়া হয়েছে বলে খবর। এবার উৎপাদক সংস্থাকে পাঠানো সেই টাকা ফেরত চাইল রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *