আমাদের ভারত, ২০ জুন: সুপ্রিম কোর্টেও ফের বড়সড় থাপ্পড় খেলো রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল, ভোট হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে রায় দিয়ে ছিল অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই।
উল্লেখ্য গত ১৫ ই জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে এবং তা ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করতে হবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করে। আজ সেই আবেদনের শুনানির সময় বিচারপতিদের প্রশ্নে নাস্তানাবুদ হয় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীরা।
বিচারপতিরা বলেন, এর আগেও পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে, এবারও মনোনয়ন ঘিরে অশান্তি হয়েছে। সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরোধিতা করে কেন সুপ্রিম কোর্টে এসেছেন? রজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ৫টি রাজ্য থেকে পুলিশবাহিনী এনে ভোট করানো হবে। বিচারপতিরা পাল্টা প্রশ্ন করেন, তাহলে তো আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে আপনাদের আপত্তিটা কোথায়? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে তো খরচও লাগবে না। তা হলে আপত্তি কীসের? কেন্দ্রীয় বাহিনীকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই ভয় রয়েছে? এর আগেও পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গে হিংসা হয়েছে বলে তা তুলে ধরেন বিচারপতিরা। নির্বাচন মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। বিচারপতিদের প্রশ্ন, এই আবেদনের গ্রহণযোগ্যতা কোথায়? এর পরেই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

